এই যে তোমার অপেক্ষায় থাকা আমি
নিখাদ প্রেমে মশাল জ্বেলে নিজেকে
পুড়িয়ে মারছি রোজ,
মাঝে মাঝে ক্লান্ত হয়ে তন্দ্রা ঘোরে
তোমাকে খুঁজি,
নিয়তির সাথে সন্ধি করি অপকটে
তোমায় কাছে পাওয়ার নিমিত্তে,
তুমি কি তা জানো?
জেনেই বা করবে টা কী
আটপৌরে গল্প হয়ে মলাট বদ্ধ তুমি
অন্যের পাণ্ডুলিপিতে।
আমি তোমাকে পড়তে পারি
বুঝতে পারি কিন্তু নিজের করতে গেলেই যতো বিপত্তি,
কারণ অধিকারের কাছে ভালোবাসা তুছ।
এই যে তুমি গগনতলে প্রেমের কাব্য সাজাও অহর্নিশি,
শব্দের গাঁথুনি মজবুত করে সাজাও প্রতিটি বর্ণকে,
কাব্যের পরিভাষায় আমায় কি আঁকো
ক্যানভাসের আবরণে?
নাকি নিছক স্বপ্ন বুনে বুনে খড়কুটো
কুড়োনি এই আমি?
এই যে মায়ার বাঁধন হৃদয়ের টান
নিঃশ্বাসে ঝরে পড়া কষ্ট,
কংক্রিটের সীমানা প্রাচীর
সম পোক্ত প্রতিশ্রুতি,
এসব কি শুধুই মোহ?
অলীক কল্পনায় ভেসে চলা দুটি ছদ্মপরিচয় যার অস্তিত্ব জুড়ে শুধুই হতাশার দাবানল,
বেওয়ারিশ সম্পর্ক স্বীকৃতি পাবে কি
নিবিড় বন্ধনের?

