শব্দের শহরে তোমাকে হারিয়ে ফেলি
অচেনা আঁধার অলিগলি
সাঁতরিয়েও পাই না তো কুলকিনারা!
নামতে নামতে…..
রহস্যময় ছায়া পেরিয়ে খানিকটা
রোদ খুঁজে পাই।
পিছিল হাতড়িয়ে ফেরে জীবন বোধ।
শূন্যের সবকটা আঙ্গুল ছুঁয়েছি সন্তর্পণে
শতাব্দীর কতশত গাঁও গেরাম পথ….
আসাদের আর্কাইভ ক্যাটাগরি দেখেছি,
দেখেছি অবাক আরক্তিম বাঁকা ঠোঁট,
রাজপথ, মিছিল, সোগান সটান
দুর্লভ বসন্ত বাতাসে লাশের ভেসে যাওয়া;
যাপিত আগরবাতির ঘ্রাণ নেই, উধাও…
সর্বত্র যেন ঢেউভাঙা কান্না ঝরছে !
নিয়মের ব্যতিক্রম ক্ষয়িষ্ণু ছড়ি ঘোরায়…
আর সব যেন বিছানো অপথের ঢেলা,
বিক্ষুব্ধ জনতার মুখে হাওয়াই মিঠাই;
জলভেজা চোখে সুখের মাদুরে ঘুমায় !
আগুনের বাজার পোড়ে ওড়ায় অন্ধকার।
তেলচিটে অভাব হাজার ফালি কষ্টে কাঁদে,
এরকম সুখ চাই নি ছেঁড়াফাটা স্বপ্নে
গতরের নুন ঝাঁঝালো গন্ধ নাকের ডগায়
চিড়েচ্যাপ্টা মানুষের বুক পকেটে দগদগে ঘা!
ঝুলকালি শব্দের প্রহরে কতটা কাঁদলে,
স্বপ্নগুলো মেঘের মতো জল ছুঁতে পারবে?

