নাম তার করম আলী,
গরম গরম চা খায়।
হাতের কাছে যারে পায়,
নানা ছুঁতোয় থাপড়ায়।
কথায় কথায় ধমকে,
নানা জনকে ভড়কান।
হাতের কাছে লাঠি রেখে,
ষাড়ের মতো তড়পান।
বদমেজাজি বলে তাকে,
ঘৃণার চোখে দেখে লোক।
প্রভুর কাছে দোয়া করে,
তার ভীষণ ক্ষতি হোক।
এত তার ক্ষমতা আছে,
থানা পুলিশ কাঁপে থর।
এলাকার ভিতর আছে,
তার বহু দালান ঘর।
সম্পদ অনেক আছে,
আছে দলের পদ এক
ক্ষমতার বড়াই তার,
শোষণ করে ভাবে নেক।
এলাকায় প্রভাব রেখে,
করে খুব খবরদারি।
এত সম্পদ তবুও,
পরের হক দরকারি?
এরে মারে ওরে পিটায়,
তার ক্যাডার বাহিনী।
অপকর্মের আর কত?
বলব তোমাদের কাহিনি?
তার অত্যাচারে কাহিল,
এলাকার সকল লোক।
চোখের পানি ফেলে তারা,
বলে প্রভু ইনাকে রোখ।
একদিন খবর এলো,
করম আলী আর নেই।
স্ট্রোক করে মারা গেছে
বাথরুমে গেছেন যেই।

