বোশেখ এল নতুন সাজে নতুন করে,
খুশির দোলা নতুন সুরে সবার ঘরে।
বটের তলে জমবে আজই বোশেখ মেলা,
মেলার মাঝে দেখব আমি নানান খেলা।
বাবার লাগি বেতের পাখা আনব বাড়ি,
মায়ের লাগি কিনব আমি রঙিন হাঁড়ি।
খেলনা নেব মুখোশ নেব কিনব বাঁশি,
দেখবে সবাই আমার মুখে সুখের হাসি।
বাউল গানে পল্লি গানে উঠব মেতে,
মেলায় যাব মনের টানে সুখটি পেতে।
সবার সাথে থাকব মেতে মেলার মাঝে,
থাকব আমি সবার মাঝে নতুন সাজে।

