ঘুম ভাঙলে ভোরে
খুকু দেখে দূরে
মোবাইলফোনে মা নিছেন টিপস,
নাস্তা খেতে খেতে
পিসি আছেন মেতে
মোবাইল নিয়ে হাসি হাসি লিপস!
স্কুলের পিওন দাদা
চুল-দাড়ি-গোঁফ সাদা
টুলে বসে স্মার্টফোনটাই টিপেন,
বরইতলায় বসে
শরবতওয়ালা রসে
লেবু রেখে মোবাইলটাকেই চিপেন!
দাদুর সাথে মাঠে
খুকু যখন হাঁটে
দাদু বলেন- একটা পয়েম বল,
নাচিয়ে কপোল ভুরু
পয়েম করলে শুরু
অমনি হঠাৎ দাদুর ফোনে কল!
রাত্রি যখন আসে
বাবা শুয়ে পাশে
মোবাইল নিয়ে লিখেন কত কী যে
এপাশ ওপাশ করে
বালিশ চেপে ধরে
ঘুমের মাঝে খুকুর দুচোখ ভিজে!

