কিশোর বয়সে পুষেছিলাম একটি হরিয়াল ছানা
বাঁশের খাঁচায় পুষে দিয়েছিলাম আদর সোহাগ
ছানাটি ধীরে ধীরে ফিরে পেলো পূর্ণ অবয়ব, তারপর…
বিনা নোটিশে খাঁচা ভেঙে উড়াল দিলো দূর অজানায়।
পাখিটির মতো তুমিও
হৃদয় মন্দিরে শেল ছুড়ে যাছো অবিশ্রাম
দিনের পর দিন বিষকাঁটায় ক্ষত করে রক্ত ঝরাছো,
অনুশ্রী, তুমি একবারও ভাবলে না!
যেখানে আঘাত করেছো ওখানে তোমারই আবাস।
অনুশ্রী, বোধের বিচারে তোমার পরাজয় দেখে
নিঃসঙ্গ সৈকতে দাঁড়িয়ে শুধু একা আমি বুঝে নিয়েছি,
ভালোবেসে কেউ একজন হারে না, দুজনই হেরে যায়।

