আঁধারের চলনবিলে
আজ আছন্ন গোধূলি,
তবু দিগন্তের একরাশ নীলে
একেঁ যাব প্রভাতের রঙ্গুলি।
বারবার সূর্যাস্তের কাছে
খুঁজে যাব কঙ্খিত ভোর,
রক্তাক্ত নিশানের ভাঁজে
খুলবে বিজয়ের দোর।
একদিন সেই সোনালি দ্বারে
কুঁড়িরা ফুটবে প্রাণের স্পন্দনে,
ভাসবে অলিন্দ আলোর জোয়ারে
কলিরা জাগবে অদিতির সম্ভাসনে;
যারা মায়ের গর্ভাশয় থেকে
সত্যের তেজস্বীতায় হবে দীপ্ত,
মিথ্যার কারুকাজ এঁকে
সত্যকে করবে না অবগুণ্ঠিত।
যারা শপথনামার প্রতিটি অক্ষর
ধারণ করবে অন্তরদর্পণে
কুসুমের প্রস্ফুটনে রেখে যাবে স্বাক্ষর
কথা ও কাজের সুরূপায়ণে।
যারা অন্তরের অন্তস্তলে
করবে নক্ষত্রের ঔজ্জ্বল্য ধারণ;
যারই প্রতিফলন কঠিন ও কোমলে
চারদিক করবে দীপায়ন।
যারা আপনারে আপনি করবে শাসন
কোন দুর্নীতি যেন না করে রুদ্ধ
আলোকের বাতায়ন,
সকল সুবৃত্তিতে অন্তর করবে ঋদ্ধ,
কর্মবৃত্তে করবে একাগ্র নিবেদন।
অন্যায় অপনোদনে
নির্লিপ্ততার আছাদনে
না থেকে নিশ্চুপে
যারা কাাঠিন্যের স্বরূপে
ঢাল হয়ে করবে প্রতিঘাত
সকল শকুনের আঘাত।
যারা তরীভরা পশরায়
করবেনা নীতিকে দ্বিখণ্ডিত
যারা নিজের স্বার্থের পরোয়ায়
স্বদেশের মানচিত্রকে করবে না লাঞ্ছিত
রণসমুদ্রের খর প্রবাহের ত্রাস
আঘাত করেও অনুক্ষণ,
যাদেরকে করবে না গ্রাস
আঁধারের প্লবতার অঞ্জন।
যারা শত ঝঞ্ঝা কে সংহার করে
আলোকের পথে হবে আগুয়ান
যারা পুষ্পকলিকে ফোটানোর তরে
সততার চেতনায় রবে চির দীপ্তবান
যারা স্বপ্নের বিহগকে উড়াবে আকাশে
নিষ্ঠা, শ্রম, মেধা ও সুমননে,
যারা সবসময় রবে গরিবের পাশে
নিবেদিত রবে স্বদেশের উন্নয়নে।
সাম্প্রতিক লেখা
আলোর প্রহরী : নিলুফার গনি
0
Previous Articleশব্দের সনে : মানিক দে
Next Article বোশেখ মেলা : কুতুবউদ্দিন বখতেয়ার
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

